জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। গতকাল শনিবার হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে। এ ছাড়া সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হলের গেট খোলা রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।১ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরদিন বিকেল থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।বিশ্ববিদ্যালয় হলগুলোর ফটকের তালা গতকাল বিকেল চারটায় খুলে দেওয়া হয়। ছুটি শেষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষককে পরিচয়পত্র দেখিয়ে হলে ঢোকেন। এদিকে আজ রোববার থেকে শিক্ষার্থীদের জন্য হল খোলা রাখার সময়সীমা সকাল আটটা থেকে রাত ১১টা করা হয়েছে। ২৪ আগস্ট উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানের খাবার দোকানগুলোও রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে প্রশাসনের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৌমিত চন্দ্র জয়দ্বীপ বলেন, বিশ্ববিদ্যালয় হল মুক্তচিন্তার জায়গা। প্রশাসনের এ নির্দেশনা এই মুক্তচিন্তাকে বাধাগ্রস্ত করবে। তা ছাড়া এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংস্কৃতির সঙ্গে বিষয়টি সংগতিপূর্ণও নয়। এ ছাড়া সিদ্ধান্তটি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। প্রাধ্যক্ষ কমিটির সভাপতি কৌশিক সাহা বলেন, বৈধ শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতেই শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখা হচ্ছে। তা ছাড়া সবার নিরাপত্তা নিশ্চিত করাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত ১১টার মধ্যে শিক্ষার্থীদের হলে ঢুকতে হবে।