জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের ছাত্রলীগের কর্মী তোফাজ্জল হোসেনকে কুপিয়ে আহত করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে বিশমাইল গেটে ওষুধ কিনতে যান তোফাজ্জল। এ সময় ওত পেতে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতেয়াজ ও কর্মী সাব্বিরের নেতৃত্বে ৮-১০ জন তরুণ তোফাজ্জলকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে নিয়ে যায়। তোফাজ্জলকে পরে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান খান বলেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করা হবে। অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতেয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।