জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় নদী মেলা শুরু
‘ছোট নদী ছোট নয়’ স্লোগান নিয়ে গতকাল শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় জাতীয় নদী মেলা। সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি বলেন, ‘নদী আমাদের ঐশ্বরিক শুভেচ্ছা। মানবসৃষ্ট নানা কারণে আজ আমাদের নদীগুলো বিলুপ্তির পথে। প্রকৃতির এই দানকে ভালোবাসতে হবে। নিজেদের প্রয়োজনেই নদীগুলো রক্ষা করতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ডিজেস্টার ফোরাম আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩টি স্টল। এসব স্টলে দেশের বিভিন্ন নদী ও খালের আদি ও বর্তমান অবস্থার ওপর বিভিন্ন তথ্য ও প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘এ দেশের ছোট-বড় সব নদী সমাজ, সংস্কৃতি ও মানুষকে সমৃদ্ধ করেছে। মানুষ ও পরিবেশের জন্য নদীকে বাঁচিয়ে রাখা অপরিহার্য।’ শিল্প-কলকারখানার বর্জ্য নিক্ষেপ ও ভূমিদস্যুদের হাত থেকে নদীকে রক্ষার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করেন তিনি।ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, নদী মেলার আহ্বায়ক গওহার নঈম ওয়ারা, সমন্বয়কারী অধ্যাপক সুভাষ চন্দ্র দাস প্রমুখ।