জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখিমেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী পাখিমেলা অনুষ্ঠিত হয়েছে। জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
পাখি সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা ও পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং টেলিস্কোপে পাখি পর্যবেক্ষণ ও পাখির আলোকচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের বলেন, প্রকৃতি ও মানুষ অবিচ্ছেদ্যভাবে যুক্ত। পাখিমেলা আয়োজনের মধ্য দিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ প্রকৃতি সংরক্ষণে সচেতন হবেন। শিশু-কিশোরদের মধ্যেও এ বিষয়ে ধারণা তৈরি হবে।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক, প্রকৃতি সংরক্ষণ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, বন বিভাগের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল প্রমুখ বক্তব্য দেন।
পাখি সংরক্ষণে অবদান রাখায় এবার পাখিমেলায় তিনজনকে বিগবার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়।