সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রদল নেতাকে মারধর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতি নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ক্যাম্পাসে ঢোকেন। তাঁরা অভিযোগ করেন, শহীদ মিনারে যাওয়ার পথে ছাত্রদলের নেতা-কর্মীরা জহির রায়হান মিলনায়তনের সামনে পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল হকের নেতৃত্বে তাঁদের ধাওয়া করা হয়। তখন ছাত্রদল পিছু হটে। তার পরও ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের কর্মী খালেদ সাইফুল্লাহ ও মো. মহিউদ্দিনকে ধরে মারধর করেন। পরে ওই দুজনকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। প্রক্টর সোহেল আহমেদ বলেন, ছাত্রদলকে শহীদ মিনারে যেতে সর্বাত্মক সহায়তার চেষ্টা করা হয়েছে। কিন্তু এর পরও একটি ঘটনা ঘটেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদল গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৬ জন আহত হন। সংঘর্ষ চলাকালে একটি ভবনের জানালার গ্লাস ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। হামলায় আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের হামলা প্রতিহত করতে গিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা বলেন, শহীদ মিনারে ফুল দেওয়া নয়, ছাত্রদলের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে অস্থিতিশীল সৃষ্টি করা। তা তাদের প্রতিহত করা হয়েছে।