জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি অনুসারে গতকাল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন শহীদ মিনার চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিভিন্ন দলে ভাগ হয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়াতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘পরিষ্কার রাখি পরিবেশ, বাঁচব মোরা বাঁচবে দেশ’, ‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মানুষ, সুস্থ দেশ’, ময়লা-আবর্জনা করব দূর, সবার কণ্ঠে একই সুর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ঝুলিয়ে দেয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শুধু পরিবেশকে সুন্দর রাখা নয়, নিজের ক্লেদ দূর হয় এবং মনকে সুন্দর রাখা যায়। তিনি বলেন, প্রতিবছরই বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।