জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা
‘উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রজাপতি মেলা-২০১৩। দিনব্যাপী এই মেলায় ছোট-বড় সব বয়সী মানুষের ভিড় ছিল উপচে পড়া।
জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টার দিকে প্রজাপতি অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, মেলার সহযোগী সংগঠন ‘প্রকৃতি ও জীবন’-এর পরিচালক মুকিত মজুমদার, মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের পরপরই শুরু হয় শিশুদের প্রজাপতির ছবি আঁকার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অর্ধশত শিশু অংশ নেয়। মেলায় জালের ভেতরে জীবন্ত প্রজাপতি প্রদর্শন করা হয়, আর মিলনায়তনের ভেতরে প্রদর্শন করা হয় দেশি-বিদেশি আলোকচিত্রীদের তোলা বিভিন্ন প্রজাপতির ছবি। এ ছাড়া মেলায় প্রজাপতির আদলে তৈরি ঘুড়ি ওড়ানো হয়।
বিকেলে প্রজাপতিবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী পর পুরস্কার বিতরণ করা হয়।