জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। তবে এখনই সব শিক্ষার্থীকে হলে আসন বরাদ্দ দেওয়া হবে না জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া কাজ শেষ না হলেও নির্মাণাধীন একটি হলে ছাত্রদের আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর ভর্তিকৃত প্রায় দুই হাজার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে নির্মাণাধীন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখনো শিক্ষার্থীদের থাকার উপযোগী না হওয়ায় সেখানে কোনো শিক্ষার্থী উঠতে পারছেন না।
সিরাজগঞ্জ থেকে আসা প্রথম বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর হলে আমাকে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সেখানে ওঠা যাচ্ছে না। মওলানা ভাসানী হলে এলাকার বড় ভাইয়ের রুমে উঠব আপাতত।’
এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অসিত বরণ পাল বলেন, এ হলের ছাত্রদের আপাতত মীর মশাররফ হোসেন হলের শিক্ষক কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হবে। এক-দেড় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হলে তখন তাঁদের হলে আসন বরাদ্দ দেওয়া হবে।
আসন না পাওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, অন্য হলগুলোতে আসন না পেলেও আপাতত শিক্ষার্থীরা ‘গণরুমে’ উঠছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত আল বেরুনি হলে ২৮ জন শিক্ষার্থী উঠেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে আসন-সংকট থাকায় এ মুহূর্তে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকে তাঁদের যাতায়াত করার জন্য বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয়েছে। হলে আসন খালি হওয়া সাপেক্ষে তাঁদের বরাদ্দ দেওয়া হবে।