জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভি এস নাইপল
বাংলাদেশ সফররত সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল এবং তাঁর স্ত্রী নাদিরা নাইপল পরিযায়ী পাখি দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। গতকাল রোববার দুপুরে তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন নাইপল ও তাঁর স্ত্রী। ফেরার পথে বেলা আড়াইটার দিকে পরিযায়ী পাখি দেখতে তাঁরা ক্যাম্পসে আসেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, প্রক্টর তপন কুমার সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রক্টর জানান, উপাচার্য ফারজানা ইসলাম নাইপলকে উত্তরীয় এবং তাঁর স্ত্রীকে একটি জামদানি শাড়ি উপহার দেন। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা একটি ছবিও উপহার দেওয়া হয় তাঁকে। সাক্ষাৎ শেষে নাইপল এবং তাঁর স্ত্রী বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র এবং প্রজাপতি পার্ক পরিদর্শন করেন। পাশের জলাশয়ে পরিযায়ী পাখি দেখেন। পরে ঢাকা ফেরেন।
ঢাকায় আয়োজিত ‘ঢাকা লিট ফেস্ট’ উপলক্ষে বাংলাদেশে এসেছেন ভি এস নাইপল।