জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র মেলা গতকাল শনিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এই মেলার আয়োজন করেছে।বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রবীন্দ্র-মহুয়া মঞ্চে সকাল নয়টায় রবীন্দ্র মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা আবৃত্তির আয়োজন করে। বিভাগের শিক্ষার্থীরা গান, নাচ ও নাটিকা পরিবেশন করেন। রাত আটটায় দেখানো হয় রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ঘরে বাইরে।শেষ দিন আজ রোববার সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে রবীন্দ্রনাথের বিভিন্ন কর্মের ওপর আলোচনা করবেন ফাদার মারিনো রিগন ও আহমেদ রফিক। বিকেল পাঁচটায় রবীন্দ্র-মহুয়া মঞ্চে অনুষ্ঠিত হবে কবিকণ্ঠে কবিতা পাঠ। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে সাংস্কৃতিক সংগঠন আনন্দ। এ ছাড়া ছায়ানটের পরিবেশনায় রয়েছে গান এবং নাগরিক নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক অচলায়তন।