জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে লাগাতার কর্মবিরতিসহ ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে তাঁরা গতকাল সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে রাতে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। রাতভর তাঁরা সেখানে থাকবেন বলে জানান।মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে ওই নির্বাচন দেওয়ার প্রতিবাদে তাঁরা এই আন্দোলন করছেন। তাঁদের এ কর্মসূচির কারণে গত রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে আন্দোলনকারী শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগের ক্লাসও হচ্ছে না। শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি চলাকালে গতকাল বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা ক্লাস চাই, ক্লাস করতে এসে ফিরে যেতে চাই না। নির্দিষ্ট সময়ে শিক্ষাজীবন শেষ করে নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। পরিবারের দায়িত্ব নিতে হবে। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাত থেকে আন্দোলকারী শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি শুরু করেন। বিকেল পাঁচ টা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা ছিল। পরে তাঁরা জানতে পারেন এখন থেকে সরে গেলে পুলিশ সেখানে অবস্থান নিতে পারে। ফলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেন। গতকাল রাতেও তাঁরা সেখানে অবস্থান করেন। গতকাল বেলা ১১টার দিকে বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, অর্থনীতি, নৃবিজ্ঞান, সরকার ও রাজনীতি, বাংলা, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন শ্রেণীকক্ষে তালা তখনো খোলা হয়নি। অন্যান্য বিভাগের অধিকাংশ কোর্সেরই ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ সংগঠনের আহ্বায়ক এম এ মতিন বলেন, মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, পূর্বঘোষিত সময় অনুসারে ২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচন হবে।