জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি প্যানেল থেকে নির্বাচন করছেন।উপাচার্য-সমর্থিত আওয়ামী প্যানেল থেকে সমিতির সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম, সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক মোহাম্মদ বখতিয়ার রানা, সহসভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বদিয়ার রহমান, কোষাধ্যাক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন ও যুগ্ম সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির নির্বাচন করছেন।বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি ও সহসভাপতি পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান ও যুগ্ম সম্পাদক পদে পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন নির্বাচন করছেন। এ ছাড়া ১০টি সদস্য পদে উভয় প্যানেল থেকে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট নেওয়া হবে। আজই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে মোট ৪৬৫ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম।