জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অন্তত ৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।মানববন্ধনে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিবাদে তিনি সমাবেশের আয়োজন করছিলেন।মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মীর আহসান হাবিব, শাহরিয়ার পারভীন ও মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের পক্ষ থেকে মানববন্ধনে সংহতি জানানো হয়।