প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের বাধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ধ্বনি’র কার্যালয়ে আগুন লক্ষাধিক টাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কার্যালয়ে গত শনিবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অনেক বই ও সংগঠনের দরকারি কাগজপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। জানা যায়, গতকাল রোববার ভোর ছয়টার দিকে ধ্বনির কার্যালয়ে আগুন দেখতে পান ছাত্র-শিক্ষক কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তারক্ষী সিদ্দিকুর রহমান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিমুদ্দিনকে জানান। আজিমুদ্দিন সেখানে এসে কার্যালয়ের তালা ভেঙে আগুন নেভান। তবে এর আগেই কক্ষে ১৪ বছরের জমানো বই ও সংগঠনের দরকারি নথিপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা দুপুর একটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাতে বাধা দেন। সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ বলেন, ‘ধ্বনির কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মিছিল করতে চাইলে ছাত্রলীগের নেতা নেয়ামুল পারভেজ আমাদের মিছিল না করার নির্দেশ দেন। নির্দেশ উপেক্ষা করা হলে ঝামেলা হতে পারে বলে হুমকিও দেন।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ বলেন, ‘মিছিলে জাতীয়তাবাদী শিক্ষকেরা ছিলেন। ছাত্রদল থাকতে পারে, এই ধারণা করে মিছিল করতে নিষেধ করা হয়েছে। তবে হুমকির বিষয়টি সত্য নয়।’ ধ্বনির সভাপতি কামাল উদ্দিন রিমন বলেন, ধ্বনির স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বলেন, ঘটনা তদন্তে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক আবুল খায়েরকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে সাভার থানায় একটি জিডি করা হয়েছে।