যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজির হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী।গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চে তাঁরা হাজির হন। আদালত তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে যৌন হয়রানির অভিযোগকারী শিক্ষিকাকে হয়রানি না করতে এবং তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।এর আগে ৩ জুন আইন ও সালিশ কেন্দ্রের করা আদালত অবমাননার মামলায় আদালত ১০ জুন তাঁদের হাইকোর্টে হাজির হতে বলেন। একই সঙ্গে কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এ নির্দেশনা অনুসারে গতকাল তাঁরা আদালতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন, যৌন হয়রানি নীতিমালা মানতে তাঁরা ব্যর্থ হয়েছেন। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সারা হোসেন মামলা পরিচালনা করেন।জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে আরেক নারী-সহকর্মী যৌন হয়রানির অভিযোগ করেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে। তদন্ত চলাকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরে ১৭, ১৮ ও ৩০ এপ্রিল অভিযোগকারীর নাম উল্লেখ করে তদন্তসম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।