জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম শহীদুল ইসলাম। তিনি পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।

ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম এবং সহসভাপতি শহীদুলসহ চারজন বাসে করে বিশমাইল থেকে সাভারে যাচ্ছিলেন। শহীদুল বাসের পেছনের দরজায় দাঁড়িয়েছিলেন। পথে বাসটি হঠাৎ এক পাশে চেপে গেলে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শহীদুল সড়কে পড়ে যান। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, ‘আমি তাঁর (শহীদুল) সঙ্গে একই বাসে ছিলাম। এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন।’

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যসহ আরও কয়েকজন শিক্ষক হাসপাতালে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে লাশ তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।