জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়েছে। তবে এ সময় কাউকে আটক কিংবা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। গত বুধবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এ তল্লাশি অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। জানা যায়, রাত দেড়টার দিকে আলবেরুনী হল, শহীদ সালাম বরকত হল, আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মীর মশাররফ হোসেন হলে একযোগে তল্লাশি চালানো হয়। ঢাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন থানার প্রায় চার শতাধিক পুলিশ সদস্য অংশ নেয়। রাত তিনটা পর্যন্ত চলে এ অভিযান। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ তল্লাশি অভিযান চালানো হয়েছে। হলগুলোর প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হলেও কোনো অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংঘর্ষের ঘটনা নিয়ে ডিসিপ্লিনারি বডির সদস্যরা সভায় বসেন। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে একই স্থানে জরুরি সিন্ডিকেট অনুষ্ঠিত হয়। তবে সিন্ডিকেটে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ শনিবার আবার এ ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।