জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় তালাবদ্ধ দুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগের ভেতরে বিভক্তি সৃষ্টির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক৷ মূলত এ কারণেই তাঁরা প্রক্টরের পদত্যাগের দাবি করছেন বলে জানিয়েছেন৷ তবে ছাত্রলীগের নেতাদের এ অভিযোগ অস্বীকার করেছেন প্রক্টর৷
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা জানান, প্রশাসন নিজেদের স্বার্থে ছাত্রলীগের ভেতর থেকে অনুগত একটি পক্ষ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে৷ ওই পক্ষ নিয়ে প্রশাসন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করছে৷ প্রাথমিকভাবে ছাত্রদের তিনটি হলের কয়েকজন ছাত্রলীগ নেতার সঙ্গে প্রশাসন যোগাযোগ রক্ষা করছে৷
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কাজ আগেও হয়েছে৷ আবারও একই কাজ করে ভুল করছে প্রশাসন৷
সভাপতির বক্তব্যকে সমর্থন করে সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি৷’
অভিযোগ অস্বীকার করে প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘আমি একজন শিক্ষক৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি তার নিজস্ব গতিতেই চলছে৷ বিভক্তি সৃষ্টির মিথ্যা অভিযোগ অত্যন্ত দুঃখজনক৷’
ছাত্রলীগের নেতারা গত সোমবার রাতে প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর গতকাল বুধবারও ওই তালা খোলেনি প্রশাসন৷ তবে গতকাল সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় এ নিয়ে আলোচনা হয়েছে৷
সিন্ডিকেট সদস্য মো. নূরুল হক বলেন, প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ তবে কোনো সিদ্ধান্ত হয়নি৷
তালা ঝোলানোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমি এ বিষয়ে সর্বোচ্চ প্রশাসনকে জানিয়েছি৷ এখন তারা সিদ্ধান্ত নেবে৷’
গত সোমবার রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসের ভেতরে রেখেই ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রক্টরের পদত্যাগ দাবি করেন৷ ওই দিন রাতেই তাঁরা প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন৷ তবে ছাত্রলীগের দাবি, সাধারণ শিক্ষার্থীরা ওই তালা ঝুলিয়েছেন৷ তাঁরা এতে সমর্থন দিয়েছেন৷