জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আমবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল বুধবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী শাহলিনা পারভীন তনা পারিবারিক কলহের কারণে গত মঙ্গলবার দিবাগত রাতে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তাঁর বন্ধু ও পরিবারের সদস্যরা। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন তনার বড় ভাই এ কে এম শাহনেওয়াজ নয়ন।তনার একাধিক বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া আহমেদ মিহির সঙ্গে সম্পর্কের একপর্যায়ে মাস দু-এক আগে তাঁরা বিয়ে করেন। পরিবারকে না জানিয়ে বিয়ে করায় কোনো পক্ষই বিষয়টি মেনে নেয়নি। এসব জটিলতার কারণে মিহির বেশ কিছুদিন ধরে তনার খোঁজ নেননি। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তনা। এরই পরিপ্রেক্ষিতে তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান তাঁরা।গতকাল বুধবার ভোর ছয়টার দিকে তনার পাশের কক্ষে থাকা একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী দিলরুবা জাহান ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তনাকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বাড়ির মালিক নুরুন্নাহার বেগমসহ প্রতিবেশীদের জানান। পরে তাঁরা আশুলিয়া থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। সকাল আটটার দিকে পুলিশ এসে মৃতদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামায়। তনার পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মৃতদেহ তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহে পাঠিয়ে দেওয়া হয়। তনা সাভারের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তনার ভাই এ কে এম শাহনেওয়াজ নয়ন বলেন, পারিবারিক কলহের জের ধরে তনা হতাশায় ভুগছিলেন। মিহিরের পরিবারের সদস্যরা তাঁদের বিয়ে মেনে না নিয়ে প্রতিনিয়তই তনাকে মানসিক নির্যাতন করতেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, তনার বড় ভাই লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চাইলে অনুমতি দেন জেলা প্রশাসক। বদরুল আলম বলেন, এ ব্যাপারে তনার বড় ভাই আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। শাহলিনা পারভীনের বাবার নাম লিয়াকত হোসেন ও মা শাহানারা খাতুন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার হামদহ বাসস্ট্যান্ড এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তনা ছিলেন দ্বিতীয়।