ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা পক্ষের নেতা-কর্মীরা প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দেন। এ সময় তাঁরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ঘটনার কিছুক্ষণ পর আশুলিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসা থেকে আবদুল কাদের ভূঁইয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর কয়েক দিন আগে হাবিবুর রশীদকে গ্রেপ্তার করা হয়।