জাহাঙ্গীরনগরে আসছে অতিথি পাখি, নেই ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির কিচিরমিচির
পাখির কিচিরমিচির

শীতের মৌসুমে অতিথি পাখিরা এসে ভিড় করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শীত শেষে তারা ফিরে যায় নিজের ভুবনে। প্রতিবারের মতো এবারও শীতের শুরুতে এখানে অতিথি পাখি আসতে শুরু করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য, কর্তৃপক্ষের নেই সুষ্ঠু ব্যবস্থাপনা।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জলাশয়ে প্রতিবারই পরিযায়ী পাখি আসে। গড়ে প্রায় ৬০ প্রজাপতির পাখি দেখা যায় জলাশয়গুলোতে। সাইবেরিয়া, চীন, কাশ্মীর আর হিমালয়ের আশপাশ থেকে এই পাখিগুলো আসে বলে জানান তাঁরা।

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. কামরুল হাসান বলেন, যত পাখি আসে তার মধ্যে শতকরা ৯০ ভাগই হলো পাতি সরালি। আর কিছু আছে রাজ সরালি। এ ছাড়া রয়েছে লেঞ্জা, বালি ও ভূতি হাঁস।

ক্যাম্পাসে ছোট-বড় প্রায় ১৭টি জলাশয় থাকলেও সাধারণত তিনটি জলাশয়েই বেশি পাখি আসে। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাখি এসেছে বোটানিক্যাল গার্ডেনের পশ্চিম পাশের জলাশয়টিতে। আর কিছু পাখি এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের এবং পরিবহন চত্বরের পেছনের জলাশয়ে। কিন্তু জলাশয়গুলো এবার ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। চিপস ও বিস্কুটের মোড়ক এবং খালি পানির বোতল ভাসতে দেখা যায় জলাশয়গুলোতে। এ ছাড়া গত শীতে আল-বেরুনী হল-সংলগ্ন জলাশয়ে পাখি এলেও এবার সেখানে কোনো পাখি আসেনি।

এই অতিথি পাখি দেখতে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ যান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পাখি দেখতে আসা মানুষের পদচারণায় মুখর থাকে ক্যাম্পাস।

আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী তৌসিফ আহমেদ বলেন, এ বছর জলাশয়টি কচুরি পানায় ভরা, কোনো পানিই দেখা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি। তাই এ বছর এখানে কোনো পাখি আসেনি।

একই কথা বললেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ। বললেন, ক্যাম্পাসের পরিবেশ ও জলাশয়গুলোকে পরিযায়ী পাখির জন্য উপযোগী করতে প্রশাসনের কোনো উদ্যোগই নেই। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে জলাশয়গুলো পরিষ্কারের জন্য বললেও তা করা হয় না। জলাশয়ের পাশে গাড়ির হর্ন বাজানো, ছবি তোলার জন্য পাখিদের দিকে ঢিল ছোড়া কিংবা দর্শনার্থীদের একেবারে পাখির কাছে চলে যাওয়া—এসব বন্ধ করতে কোনো প্রচার নেই। জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং এর জন্য পানিতে বিভিন্ন ওষুধ মেশানোর ফলে ২০১২ সালে এই ক্যাম্পাসে কোনো পরিযায়ী পাখি আসেনি। কিন্তু পরবর্তীতে সবার সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি পাল্টেছে। আবার পাখি আসতে শুরু করেছে। কিন্তু এভাবে চললে হয়তো কয়েক বছর পর পাখি আসা বন্ধ হয়ে যাবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করলেন উদ্যানতত্ত্ববিদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস্টেট) মো. নুরুল আমিন। তিনি বলেন, পাখির জন্য সব ধরনের কাজই করা হয়েছে। লেকগুলো পরিষ্কার করা হয়েছে। শিক্ষকেরা মনে করেন, বেশি পরিষ্কার করলে পাখি আসে না। তাই এবার বেশি পরিষ্কার করা হয়নি।