জাহাঙ্গীরনগরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের ডাকে আজ বুধবার সর্বাত্মক ধর্মঘট চলছে। আন্দোলনকারী শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না। শ্রেণীকক্ষ তালাবদ্ধ আছে। পরিবহন ও প্রশাসনিক ভবন বন্ধ আছে।

এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে সাধারণ সভা শেষে আজ ও কাল বৃহস্পতিবার দুই দিনের টানা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে সাধারণ শিক্ষক ফোরাম। আজ ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে পূর্বঘোষিত পরীক্ষাগুলো ধর্মঘটের আওতামুক্ত আছে।

১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবি করছে শিক্ষক সমিতি। সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে এ দাবিতে আন্দোলন চলছে।