জাহাঙ্গীরনগরে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষক ফোরামের সদস্যরা গতকাল রোববার উপাচার্য মো. আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি ও আচার্যের নির্দেশনা বাস্তবায়নে উপাচার্যের পদক্ষেপ সম্পর্কে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট নিরসনে রাষ্ট্রপতি কিছু নির্দেশনা দেন। ইতিমধ্যে বিষয়টি উপাচার্যসহ সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশনা পাওয়ার পর শিক্ষক ফোরাম আন্দোলন প্রত্যাহার করে গত শনিবার ক্লাসে যোগ দেয়।

সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান জানান, উপাচার্য কবে সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা করবেন, তা নিয়ে বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

তবে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ওই তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ‘উপাচার্য অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং সিনেটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য নিয়োগের প্যানেল তৈরি করবেন।’

শিক্ষকেরা দাবি করছেন, আচার্য এই নির্দেশনার মাধ্যমে শুধু সিনেটে উপাচার্য নিয়োগের প্যানেল তৈরির নির্দেশনা দিয়েছেন। শিক্ষক ফোরামের নেতারা জানান, গতকাল আচার্যের এই নির্দেশনা নিয়েও উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। উপাচার্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিষয়টি সম্পর্কে জানতে উপাচার্য আনোয়ার হোসেনের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভা বাতিল করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। ৯ অক্টোবর শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির মধ্যে সিন্ডিকেট সভা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপাচার্য দুজন শিক্ষককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেছিল সাধারণ শিক্ষক ফোরাম।

তবে অভিযোগ অস্বাীকার করে উপাচার্য দাবি করেন, শিক্ষকেরা তাঁকে লাঞ্ছিত করেছিলেন। ওই দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই দফায় শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালান। এ ঘটনার পর সন্ধ্যায় সিন্ডিকেটের অধিকাংশ শিক্ষক প্রতিনিধি ছাড়াই সিন্ডিকেট সভা হয়েছিল। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়।