জাহাঙ্গীরনগরে এক পক্ষের আনন্দ, অপর পক্ষের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করায় গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সদ্যগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির এক অংশের নেতারা এ শোভাযাত্রার আয়োজন করে। কমিটিতে ছাত্রদলের কর্মীদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের অপর অংশের নেতা-কর্মীরা।গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। গতকাল বেলা তিনটার দিকে ওই কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতা-কর্মীরা হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সামিউল বাশির, সদ্যঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম শাফিন, সাধারণ সম্পাদক নির্ঝর আলম। এর আগে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সদ্যগঠিত কমিটির সহ-সভাপতি নিয়ামুল পারভেজের নেতৃত্বে শহীদ সালাম বরকত, আল বেরুনী ও মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা কমিটি গঠনের প্রতিবাদে সমাবেশে করে। সমাবেশে নিয়ামুল পারভেজ সদ্যগঠিত কমিটিতে ছাত্রদলের কর্মীদের পদ দেওয়া হয়েছে অভিযোগ করে কমিটি পরিবর্তনের দাবি জানান।এ বিষয়ে সদ্যগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্ঝর আলম বলেন, কেন্দ্রীয় কমিটি বিভিন্ন সময়ে নির্যাতিত ত্যাগী নেতা-কর্মীদেই দিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করেছে। অভিযোগকারীদের পছন্দের নেতা-কর্মীরা কমিটিতে স্থান না পাওয়ায় তাঁরা এ অপপ্রচারণা চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষের পর কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে। পরে ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হলে কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।