জাহাঙ্গীরনগরে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন কাঠামোর ‘বেতন বৈষম্য’ দূর করার দাবিতে ছয় দিনের কর্মবিরতি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির জরুরি সাধারণ সভা শেষে আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর আড়াইটার দিকে একই স্থানে সংবাদ সম্মেলন করেন সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, সভায় বেতন বৈষম্য দূর করা ও মর্যাদা রক্ষার দাবিতে আগামীকাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। তবে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী রোববার সমিতির জরুরি সাধারণ সভা ডেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।