জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের বহিষ্কৃত চার নেতাকে পুনর্বহাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। আজ শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন ওরফে দীপু, ক্রীড়াবিষয়ক সম্পাদক এস এম নিয়ামুল হাসান ওরফে তাজ এবং উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘তাঁদের আমরা সাময়িকভাবে বহিষ্কার করেছিলাম। তাঁরা আমাদের কাছে অঙ্গীকার করেছে, এ ধরনের কাজ তাঁরা আর করবেন না। তাই পুনর্বহালের মাধ্যমে তাঁদের আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।’
২ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই চার নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ থেকে ব্যবস্থা নেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।