জাহাঙ্গীরনগরে দৈনন্দিন কাজ স্বাভাবিক রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও এক শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ অন্তর্বর্তী আদেশের পাশাপাশি রুলও জারি করেন।

সংশ্লিষ্টরা যাতে অবাধে প্রশাসনিক ভবনে প্রবেশসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধা নিতে পারেন এবং সিনেট, সিন্ডিকেট সভা, একাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটির সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠান এবং এসব সভায় অংশ গ্রহণ নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক সৈয়দ মইনুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান কে এম মহিউদ্দিন ও ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ রেজা এবং শিক্ষার্থী রাইয়ান রাজী রিট আবেদন করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রার, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ওসি, শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদকসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে।