জাহাঙ্গীরনগরে ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী শিক্ষকেরা আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও দুই সহ-উপাচার্য সকালে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে ধর্মঘটে সহযোগিতার জন্য তাঁদের অনুরোধ করেন আন্দোলনকারী শিক্ষকেরা।

আন্দোলনকারী শিক্ষকদের অবস্থানের কারণে রেজিস্ট্রার, দুই সহ-উপাচার্যসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করেননি। এতে আজ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না।

গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে উপাচার্যের অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১২টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে আসছে শিক্ষক সমিতি।

প্রশাসনিক ভবন অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও এক শিক্ষার্থী ৭ জুলাই হাইকোর্টে রিট করেন। ২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন।

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষক সমিতি। তবে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার গতকাল বলেন, ‘হাইকোর্ট থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’

এক মাসের বেশি সময় পর গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনে যান। এ সময় অর্ধশত শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষকেরা শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেনের বিরুদ্ধে করা রিটের নিন্দা ও প্রতিবাদ জানান। এ রিটকে তাঁরা হয়রানিমূলক বলেও আখ্যায়িত করেন।

সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মো. হানিফ আলী জানান, আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আজ সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে পূর্বঘোষিত পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এ ছাড়া উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে সাধারণ শিক্ষক ফোরামের সাধারণ সভা ডাকা হয়েছে।