জাহাঙ্গীরনগরে পদত্যাগপত্র জমা দিলেন আরও ১০ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা অব্যাহত রয়েছে। চলমান অচলাবস্থার মধ্যে আজ সোমবার ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূতাত্ত্বিক বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদা ইসলাম। গত শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তাঁরা। ওই দিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জন শিক্ষকও পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষকদের পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।’

গত বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভায় বঙ্গবন্ধু হল সংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিবাদে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।

আজ দুপুর ১২টার দিকে নতুন ভবনের সামনে থেকে মিছিল বের করে ওই দুই বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এ ছাড়া চলমান অনশন কর্মসূচি পালন করতে গিয়ে আজ অসুস্থ হয়ে পড়েন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী আহসিন আবিদ। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।

বিকেল সাড়ে চারটার দিকে নতুন ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন এই দুই বিভাগের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগ করা শিক্ষকদের দায়িত্বে বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে নতুন ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা দুই বিভাগকে বরাদ্দ দেওয়ার দাবি জানান।

শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনে গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর ফলে নিজেদের জায়গা সংকট হবে এমন দাবি করে নতুন ভবনে উঠতে বাধা দেয় ভবনে আগে থেকে ওঠা ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এর পর থেকে গত এক মাস ধরে তিনটি বিভাগের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।