জাহাঙ্গীরনগরে পাঁচটি খাবারের দোকানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার পাঁচটি খাবারের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আ ফ ম কামালউদ্দিন হল প্রশাসন।
গতকাল সোমবার দুপুরে হলের আবাসিক শিক্ষক মো. মিজানুর রহমান ও মো. ফখরুল ইসলাম খাবারের দোকানগুলোকে জরিমানা করেন। এর মধ্যে দোকানমালিক মনোয়ারা বেগমকে ২ হাজার, সাগর হোসেনকে ৩ হাজার, আবদুর রফিককে ৫ হাজার, সাত্তারকে ১০ হাজার ও আবদুল মালেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাত দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা এবং খাবারের মূল্যতালিকা ঝোলানোর নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, গত ১০ অক্টোবর কামালউদ্দিন হলের খাবারের দোকানগুলো পরিদর্শন করেন আবাসিক শিক্ষকেরা। তখন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, মূল্যতালিকা না থাকা এবং নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে দোকানমালিকদের সতর্ক করা হয়। গতকাল খাবার তৈরির পরিবেশ দেখতে শিক্ষকেরা আবার দোকানগুলোতে যান। একই রকম অবস্থা দেখে জরিমানা করা হয়।
ফখরুল ইসলাম বলেন, পরিবেশ ও খাবারের মান নিশ্চিত করতে এর আগে দোকানদারদের সতর্ক করা হয়েছিল। কিন্তু গতকাল পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি।