জাহাঙ্গীরনগরে প্রশাসনিক কাজ শুরু, আন্দোলনে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কার্যক্রম শুরু হয়েছে। তবে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। একই সঙ্গে আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এক মাসের বেশি সময় পর উপাচার্য আজ বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। এ সময় অর্ধশত শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে সমাবেশ করেন। শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেনের বিরুদ্ধে করা রিটের নিন্দা ও প্রতিবাদ করেন তাঁরা। এই রিটকে তাঁরা হয়রানিমূলক বলেও আখ্যায়িত করেন।

সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মো. হানিফ আলী বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে কোনো ক্লাস না হলেও পূর্বঘোষিত পরীক্ষাগুলো এর আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। এ ছাড়া উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামীকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে সাধারণ শিক্ষক ফোরামের সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সকাল নয়টায় প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। বেলা ১১টার দিকে দুই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে আন্দোলনকারী শিক্ষকেরা কোনো বাধা না দিলেও প্রশাসনের সমালোচনা করেন। এ সময় শিক্ষকদের তোপের মুখে পড়েন তাঁরা।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘৪৩ দিন পর আমরা প্রশাসনিক ভবনে সব প্রশাসনিক কর্মকাণ্ড শুরু করেছি। কাল জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে। আশা করছি, সবাই সহযোগিতা করবেন এবং আলোচনার মাধ্যমে সংকটের নিরসন হবে।’  

গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১২টি অভিযোগে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষক সমিতি। প্রশাসনিক ভবন অবরোধের ফলে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে ৭ জুলাই হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকসহ একজন শিক্ষার্থী। ২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দেন এবং চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন।