জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার পর ৪৬ বছর পেরিয়ে এ বছর ৪৭-এ পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উপাচার্য বলেন, প্রতিষ্ঠার ৪৬ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন তাতে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি পেয়েছে। গৌরবের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে শিক্ষা-গবেষণার কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচি উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপাচার্য, সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের পাশে আবদুল কাদির মোল্লা কনভেনশন সেন্টার ও মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন আইবিএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য।
বেলা সাড়ে তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুলনাচের প্রদর্শনী হয়। পুতুলনাচ পরিচালনা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন। এরপর বিকেল পাঁচটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে নাটক প্রদর্শিত হয়। এ ছাড়া সন্ধ্যা সাতটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফানুস ওড়ানো হয়।
১৫০ জন ছাত্র ও চারটি বিভাগ নিয়ে ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপন করা হচ্ছে।