জাহাঙ্গীরনগরে সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারী ছাত্র নামধারীদের গ্রেপ্তার এবং পুরো বিষয়টির দ্রুত তদন্ত দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগেরও দাবি জানায় সংগঠনটি।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান।সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র জুবায়ের হত্যাকাণ্ড, কয়েকজন ছাত্রের বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের দ্বিধাবিভক্ত শিক্ষকরাজনীতি, সাংস্কৃতিক কর্মীদের দাবিদাওয়া এবং সর্বশেষ সংস্কৃতিকর্মীদের ওপর ছাত্র নামধারীদের হামলার ঘটনায় পুরো পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব ঘটনা উসকানিমূলক কি না এবং এর পেছনে যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের অভিসন্ধি রয়েছে কি না, তা সরকারের তদন্ত করে দেখা উচিত।জাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যদের সঙ্গে মৌলবাদীদের সংশ্লিষ্টতার অভিযোগ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, জাবির সংস্কৃতিকর্মীদের মধ্যে কোনো বিভেদ বা ধর্মীয় দলের ইন্ধন অথবা যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় এমন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জোটের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যরা যুক্ত রয়েছেন। তাই তাঁদের মাধ্যমেই ভেতরের খবর বের করার চেষ্টা হচ্ছে।সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও মান্নান হীরা, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, মাশরুর সাত্তার, আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।