জাহাঙ্গীরনগরে হচ্ছে কোলন চায়ের বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রিন টি’ উৎপাদনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোলন চায়ের বাগান করা হচ্ছে। গতকাল সোমবার মীর মশাররফ হোসেন হলের সামনের ঢালু জায়গায় উন্নত জাতের বিটি-২ কোলন চায়ের ২৫০টি চারা রোপণ করা হয়। দুপুর ১২টায় উপাচার্য মো. আনোয়ার হোসেন একটি চায়ের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ চা বোর্ড ও চা গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্যাম্পাসে চা-বাগান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জীববিজ্ঞান অনুষদের ডিন আবুল খায়ের। তিনি আশা করেন, আগামী দুই বছরের মধ্যে এখান থেকে চা-পাতা সংগ্রহ করা যাবে।
বাগান তৈরির আগে গবেষকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে মাটি পরীক্ষা করেন এবং পারিপার্শ্বিক পরিবেশ দেখেন। আবুল খায়ের বলেন, গবেষকেরা জানিয়েছেন, এখানকার মাটি চায়ের চারা লাগানোর জন্য উপযুক্ত। সেই সঙ্গে রয়েছে চায়ের চারা বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত ছায়া। এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হলেও ক্যাম্পাসে পর্যাপ্ত জলাশয় থাকায় বাতাসে আর্দ্রতা যথেষ্ট। তাঁরা মীর মশাররফ হোসেন হলের সামনের ঢালু জায়গা চায়ের চারা লাগানোর জন্য নির্ধারণ করেন।
‘বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয় এই চা-বাগানের দেখাশোনা করবে। এ ছাড়া চা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা এসে চা-বাগান দেখাশোনা করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই চা-বাগানে নানা ধরনের গবেষণা করতে পারবেন।’ বললেন আবুল খায়ের।
গতকাল চায়ের চারা রোপণের পর উপাচার্য বলেন, এ বাগান ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে গবেষণার ক্ষেত্র তৈরি করবে। এই চা-বাগানের পাতা থেকে স্থানীয় পদ্ধতিতে ‘গ্রিন টি’ তৈরির পরিকল্পনা রয়েছে।
চারা রোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন, সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ।