জাহাঙ্গীরনগরের আন্দোলন প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।অন্যথায় সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে যথাযথ ব্যবস্থা নেবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় মনে করে শিক্ষকদের একাংশের এ ধরনের কার্যক্রম সুষ্ঠু শিক্ষার পরিপন্থী।তাদের এ আন্দোলনের ফলে ছাত্রছাত্রীদের ভর্তি, ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমসহ অন্যান্য শিক্ষাকার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় আশা করে, আন্দোলনরত শিক্ষকেরা অবিবেচনাপ্রসূত সব আচরণ ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী কার্যক্রম পরিহার করে আন্দোলন প্রত্যাহার করবেন।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিশন গঠন এবং প্রতিবেদন জমা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।ইতিমধ্যে এই প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে।কিন্তু কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগেই শিক্ষকদের একাংশ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই আবার আন্দোলন শুরু করে।তারা এখন ডেপুটি রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রেখেছে।শিক্ষকদের একাংশের এ ধরনের আচরণ কোনোক্রমেই কাম্য নয়।