ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে হুমকি দেওয়ায় এবং রাষ্ট্রদ্রোহের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রুহুল আমীন খন্দকারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এ রায় দেন।
আদালত রুহুল আমীনকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
রুহুল আমীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রভাষক ছিলেন। তাঁকে পলাতক দেখিয়ে গতকাল রায়ে বলা হয়, আসামি গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের তারিখ থেকে এ মামলার রায় কার্যকর হবে।
এর আগে ফেসবুকে শেখ হাসিনাকে হত্যার হুমকির দায়ে ২০১৩ সালের ২৭ জুন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সাত বছরের কারাদণ্ড এবং ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার দায়ে খুলনার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামের তন্ময় মল্লিককে সাত বছরের কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানায়, শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে এ নিয়ে চারটি মামলার রায় ঘোষণা করা হলো। ২০১১ সালের ১৩ আগস্ট রুহুল আমীন খন্দকার তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল...সবাই মরে, শেখ হাসিনা মরে না ক্যান?’
এ নিয়ে পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাই করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাঁচ সদস্যের কমিটি গঠন করে। কমিটি ২০১১ সালের ১০ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেয়। পরে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন ২০১১ সালের ৪ অক্টোবর আদালতে রুহুল আমীনের বিরুদ্ধে মামলা করেন। ২০১২ সালের ২৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল তাঁকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণ করতে ১২ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শিক্ষক রুহুল আমীন খন্দকার এখন লন্ডনে রয়েছেন। মামলাটি করার সময় অস্ট্রেলিয়ায় ছিলেন। গতকাল টেলিফোনে তিনি বলেন, তিনি বিদেশে অবস্থান করে তাঁর আইনজীবীর মাধ্যমে লড়তে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ তিনি পাননি।
রুহুল আমীন বলেন, তিনি আইনজীবী নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে জানানো হয়, দেশে না গেলে আইন অনুযায়ী তাঁর পক্ষে আইনজীবী আদালতে দাঁড়াতে পারবেন না। ওই মুহূর্তে তিনি দেশে ফেরা নিরাপদ মনে করেননি বলে জানান।
রুহুল আমীন ফেসবুকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ওই সময় তারেক মাসুদ ও মিশুক মনির সড়ক দুর্ঘটনায় মারা যান। এটা আমাকে মর্মাহত করেছিল। আর তখন কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ২৭ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছিল। আমার মনে হয়েছিল, এ কারণেই আমরা অমূল্য সম্পদ হারাচ্ছি। তাই আবেগতাড়িত হয়ে এটা বলা।’ আবেগতাড়িত হয়ে কারও মৃত্যু কামনা করা কি ঠিক? বিবিসির এ প্রশ্নে তিনি বলেন, ‘কোনোভাবেই ঠিক নয়। তবে বাংলাদেশের সংস্কৃতিতে বাবা-মা বিরক্ত হলেই ছেলে-মেয়েকে বলে, তুই মরিস না কেন, তুই গোল্লায় যা, জাহান্নামে যা। বাংলাদেশের সংস্কৃতিতে এটা প্রচলিত কথা। তাই সবাই মরে হাসিনা মরে না কেন—বলার মানে এই নয় যে শেখ হাসিনার মৃত্যু কামনা করা।’
রুহল আমীন জানান, এখন যেহেতু সাজা হয়েছে, তাই আপাতত তিনি দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।