জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের টেকনাফে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইমরান চৌধুরী জানান, বিভাগের ৩ জন শিক্ষক ও ১৪৫ জন শিক্ষার্থী গত মঙ্গলবার সেন্ট মার্টিন বেড়াতে যান। এক দিন সেখানে অবস্থানের পর গতকাল বিকেলে তাঁরা জাহাজে করে টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছান।
মো. ইমরান চৌধুরীর দাবি, জাহাজ থেকে নেমে বাসের দিকে যাওয়ার সময় বিজিবির একজন সদস্য কোনো কারণ ছাড়াই তাঁর পিঠে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি দৌড়ে বাসে উঠে পড়েন। এরপর বিজিবির এক সদস্য রাইফেল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে বাস থেকে নিচে নামানোর চেষ্টা করা হয়। বাস থেকে নামতে না চাইলে গুলি করার হুমকি দিয়ে শার্টের কলার চেপে তাঁকে বাস থেকে নামানো হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে তাঁদের লাঠিপেঠা করা হয়। এতে ৩ ছাত্রীসহ ১১ শিক্ষার্থী আহত হন।
স্থানীয় সূত্র জানায়, জাহাজ থেকে নামার সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে এক ছাত্রের কথা-কাটাকাটি হয়। ঘটনাটি দেখে বিজিবির টহল দল এগিয়ে যায়। এ সময় বিজিবির সদস্যদের সঙ্গে ওই ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। তখন ওই শিক্ষার্থী বিজিবির সদস্যদের উদ্দেশ করে কটূক্তি করেন। এরপর বিজিবির সদস্যরা ওই শিক্ষার্থীকে ধাওয়া করে বাসের দিকে নিয়ে যান। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম, টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ কে আনোয়ার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সোয়া সাতটার দিকে অবরোধ তুলে নেন। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজিবির পাঁচ সদস্য জড়িত। এ ঘটনায় ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।