জাহাঙ্গীরসহ মূল আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পেট্রলের আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও উপযুক্ত সাজার দাবিতে গতকাল ঘটনাস্থল সোহাগপাড়া গ্রামে সমাবেশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংগঠনের সভাপতি আয়শা খানম l ছবি: প্রথম আলো
মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পেট্রলের আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও উপযুক্ত সাজার দাবিতে গতকাল ঘটনাস্থল সোহাগপাড়া গ্রামে সমাবেশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংগঠনের সভাপতি আয়শা খানম l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ একজন মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফয়সাল নামের সন্দেহভাজন আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সোহাগপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন জাহাঙ্গীর আলমের বন্ধু।
গ্রেপ্তার ফয়সালকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এ নিয়ে এখন পর্যন্ত এজাহারভুক্ত দুই আসামিসহ ১১ জন গ্রেপ্তার হলেন। তবে ঘটনার নয়দিন পরও জাহাঙ্গীরসহ মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী মোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার এত লোক কাজ করছেন, তার পরও কেন জাহাঙ্গীরকে ধরা যাচ্ছে না বুঝতে পারছি না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, জাহাঙ্গীরসহ এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। খুব শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তাঁর আশা।

এদিকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও যথোপযুক্ত শাস্তির দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় স্ত্রী ও তিন সন্তানহারা মজিবুর রহমানের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় এটি। এ ছাড়া বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

টাঙ্গাইল মহিলা পরিষদের সভাপতি শামসুন্নাহার শান্তির সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি আয়শা খানম ছাড়াও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু, নিহত গৃহবধূ হাসনা বেগমের বাবা আলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

ওসি বদলি: মির্জাপুরথানা থেকে গতকালই বদলিও হয়েছেন ওসি গোলাম মোস্তফা। তাঁর স্থানে নাসির উদ্দিন নামের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শকের যোগদানের কথা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ-সংক্রান্ত প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে। তবে বদলির কারণ জানা যায়নি।