জাহাঙ্গীরের অসমাপ্ত যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ভ্যানগাড়ি চালান, মা অন্যের খেতে-বাড়িতে দিনমজুরি করেন। লেখাপড়া চালানোর পয়সা নেই। তাই বলে নিজের ভবিষ্যৎ ভাগ্যের হাতে ছেড়ে দেননি ২৩ বছরের জাহাঙ্গীর আলম। নিজেও দিনমজুরি করেছেন, পাশাপাশি পড়াশোনাও। অনেক খেটেখুটে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষেও উঠেছিলেন তিনি। কিন্তু যুদ্ধটা শেষ করতে পারেননি। গতকাল রোববার সকালে রাজধানীর কলেজগেটে একটি বহুতল ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় সাততলা থেকে পড়ে মারা যান জাহাঙ্গীর।
গতকাল রাজধানীর কলেজগেটে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সাততলা থেকে পড়ে যান জাহাঙ্গীর। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। স্বজনেরা অভিযোগ নিয়ে এলেই মামলা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলমের ফুফাতো ভাই মো. এলাহী জানান, জাহাঙ্গীরের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বলিদারা গ্রামে। তাঁর বাবা-মা একেবারেই হতদরিদ্র। শুধু মনের জোর নিয়ে নিজের পড়ালেখা চালাচ্ছিলেন জাহাঙ্গীর ও তাঁর অন্য তিন ভাই-বোন।
গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, ভ্যানচালক আনোয়ার হোসেন ও দিনমজুর পারুল বেগমের চার ছেলেমেয়ের মধ্যে জাহাঙ্গীর আলম দ্বিতীয়। গ্রামে মানুষের খেতে-খামারে কাজ করে ২০০৯ সালে বড়বাড়ি মাদ্রাসা থেকে জিপিএ ৪ দশমিক ৮৮ নিয়ে দাখিল ও স্থানীয় জাবরহাট কলেজ থেকে ২০১১ সালে ৪ দশমিক ৫০ জিপিএ নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন জাহাঙ্গীর। এর পরে কাছের শহর দিনাজপুর সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ১৮ ডিসেম্বর স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করেই ঢাকায় এসেছিলেন বাড়তি কিছু আয়ের জন্য, যাতে পরীক্ষার সময় বেশি কষ্ট না করতে হয়। ঢাকায় কাজ নিয়েছিলেন একটি নির্মাণাধীন ভবনে। সেখান থেকে পড়েই তাঁর মৃত্যু হয়।
গ্রামের লোকজন জানান, হতদরিদ্র হলেও ভ্যানচালক আনোয়ারের চার ছেলেমেয়েই লেখাপড়া করছিলেন। বড় মেয়ে স্নাতক পাস। এরপর জাহাঙ্গীর। মেজো মেয়েও স্নাতকে পড়ছেন। ছোট ছেলে আল আমিন দুই বছর আগে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে গ্রামের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। অদম্য মেধাবী হিসেবে আল আমিনের কৃতিত্ব ছাপা হয়েছিল প্রথম আলোয়।
জাহাঙ্গীর আলমের সহপাঠী জেসমিন আক্তার জানান, জাহাঙ্গীর পরীক্ষায় অংশ নিলেও নিয়মিত ক্লাস করতেন না। তবে তাঁকে সবাই চিনত।