টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীরের চাচাতো ভাই নূর মোহাম্মদ নিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার তাঁকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ বি এম আশফাকুল হকের আদালতে নিপু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
এসআই শ্যামল কুমার দত্ত আরও জানান, মামলার প্রধান আসামি জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত মামলাটির এজারহারভুক্ত চার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আজ জবানবন্দির পর নিপুসহ মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্য তিনজন হলেন নিপুর বাবা মামলার এজাহারভুক্ত আসামি মো. আবুল কাশেম কাচ্ছেদ, সন্দেহভাজন জাহাঙ্গীরের দুই আত্মীয় আসিফ ও আবু কাউছার। এদের মধ্যে নিপু ও আবুল কাশেমকে গত বৃহস্পতিবার ঢাকার কামারাঙ্গীরচর এলাকার লোহার ব্রিজ এলাকা থেকে ও অন্য দুজনকে মির্জাপুরের বাশতৈল এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
এঁদের গতকাল শুক্রবার সকালে র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। সন্ধ্যায় মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৬ অক্টোবর দিবাগত রাতে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত চারজন হলো মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তার (৭)।
ঘটনার পরদিন ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন নিহত হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন।