আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।
গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে ‘সম্মিলিত নাগরিক কমিটির’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
আদালত সূত্র জানায়, জাহাঙ্গীর আলম ২ জুন গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। পরে ৬ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বহাল আছেন—এ কারণ দেখিয়ে ১০ জুন তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে জাহাঙ্গীর বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। কিন্তু বিভাগীয় কমিশনার আগের আদেশ বহাল রেখে আপিল আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে জাহাঙ্গীর হাইকোর্টে রিট করেন। গতকাল শুনানি শেষে আদালত রিট নিষ্পত্তি করে উপরোক্ত আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মারগুব কবীর। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
সিটি করপোরেশন হওয়ার পর গাজীপুরের প্রথম এই নির্বাচনে মেয়র পদে এর আগে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান, বিএনপি-সমর্থিত এম এ মান্নানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশের পর এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা হলো আটজন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কাল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট নেওয়া হবে ৬ জুলাই।