জাহাঙ্গীরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ-মাথাভাঙ্গা মহারাজা সড়কের ককোয়াবাড়ী সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের কাছে এই লাশ হস্তান্তর করা হয়। মাথাভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুজন নাইজারি পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করেন। পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভোটহাটখাতা সীমান্তে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক জাহাঙ্গীর হোসেনের লাশ বুধবার কোচবিহার জেলার চেনাকাটা নদী থেকে উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন (২৪) জগতবেড় ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রওশন আকতার বিলাপ করে বলছেন, ‘আমার স্বামীকে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে। আমি বিচার চাই।’