কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, নয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত সদস্যের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারী।
গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাঁদের বিজয়ী ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর আলম সরকারের চাপে পড়েই ওই ইউপির সব প্রার্থী নির্বাচন থেকে ভয়ে সরে দাঁড়ান।
জানতে চাইলে জাহাঙ্গীর আলম সরকার গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মেম্বার প্রার্থীদের সবাইকে (নয়জন ছাড়া) ডেকে এনে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বলেছি। সবাই আমার কথা রেখেছেন। এ নিয়ে কারও কোনো কমপ্লিন নেই। আমার এখানে কমপ্লিন থাকলে রাজনীতি ছেড়ে দেব। কাউকে ভয়ভীতি ও জোর করে নির্বাচন থেকে সরাইনি। নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর উত্তর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছফু মিয়া সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি জাহাঙ্গীর আলম সরকারের বড় ভাই। চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি একক প্রার্থী হিসেবে জয়ী হন। এ নিয়ে টানা পঞ্চমবার তিনি নির্বাচিত হলেন। এর আগের চারবারের মধ্যে দুবার নির্বাচন করেন এবং দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে সাদেক হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে নরেশ চন্দ্র পাল, ৪ নম্বর ওয়ার্ডে আবদুল মোমেন, ৫ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, ৬ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, ৭ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে জীবন মিয়া। সংরক্ষিত সদস্য ১ নম্বর ওয়ার্ডে নাসিমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে হালিমা আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডে ডালিয়া কবির।