জাহাজ ও খননযন্ত্র রাখায় দুই সপ্তাহ ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সপ্তাহ ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নম্বর ইউটিলিটি ফেরিঘাটে বিআইডব্লিউটিএর দুটি জাহাজ, দুটি হাউস বোট ও খননযন্ত্রসহ বিভিন্ন উপকরণ রাখা হয়েছে। এতে ঘাটে কোনো ফেরি ভিড়তে পারছে না। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো
দুই সপ্তাহ ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নম্বর ইউটিলিটি ফেরিঘাটে বিআইডব্লিউটিএর দুটি জাহাজ, দুটি হাউস বোট ও খননযন্ত্রসহ বিভিন্ন উপকরণ রাখা হয়েছে। এতে ঘাটে কোনো ফেরি ভিড়তে পারছে না। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নং ইউটিলিটি ফেরিঘাটটি প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঘাটজুড়ে বিআইডব্লিউটিএর দুটি জাহাজ, ড্রেজারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি রাখায় ঘাটে ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। তাগাদা দেওয়ার পরও ড্রেজিং বিভাগ এসব সরাচ্ছে না বলে ফেরি কর্তৃপক্ষ অভিযোগ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া ও পাটুরিয়ার সব কটি ঘাট দিয়েই ফেরিতে যানবাহন ওঠানামা করে থাকে। ব্যস্ততম ঘাট হওয়া সত্ত্বেও দুই সপ্তাহ ধরে দৌলতদিয়ার ৪ নং ইউটিলিটি ঘাটের সামনে বিআইডব্লিউটিএর আশা-১ ও বঙ্গদূত নামক একটি ছোট ও একটি বড় জাহাজ ভিড়িয়ে রাখা হয়। সেই সঙ্গে ঘাটের সামনের অংশে বিআইডব্লিউটিএ ড্রেজার দিয়ে মাটি খনন করাচ্ছে। এ কাজে
নিয়োজিত কর্মীদের থাকার জন্য ঘাটের দুই পাশে দুটি হাউস বোট বেঁধে রাখা হয়েছে। এ অবস্থায় ঘাটটিতে কোনো ফেরিই ভিড়তে পারছে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ইউটিলিটি ঘাটে ফেরি ভিড়তে না পারায় আমরা বিআইডব্লিউটিএর স্থানীয় কর্মকর্তাদের দ্রুত এসব সরিয়ে নিতে অনুরোধ জানাই। কিন্তু প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও তাঁরা এগুলো সরিয়ে নিচ্ছেন না। এতে ঘাটে ফেরি ভিড়তে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।’
জানতে চাইলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সুবহান প্রথম আলোকে বলেন, বর্তমান চার নম্বর ঘাটের সামনে বিআইডব্লিউটিএর বিভিন্ন জাহাজের পাশাপাশি ড্রেজিং বিভাগের বিভিন্ন উপকরণ রাখায় ওই ঘাটে ইউটিলিটিসহ কোনো ফেরি ভিড়তে পারছে না। বাধ্য হয়ে রো রো ঘাটেই নানা সমস্যার মধ্যে ইউটিলিটি ফেরি ভেড়াতে হচ্ছে। বিষয়টি স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু এখনো জাহাজ ও ড্রেজিং উপকরণ সরিয়ে না নেওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন আবদুস সুবহান।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী আক্কাছ মোল্লা বলেন, ‘চার নম্বর ঘাট বরাবর খননকাজ চলায় জাহাজ ও অন্যান্য বোট এখানে রাখা হয়েছিল।
এ ছাড়া পানি দ্রুত কমতে থাকায় এ ঘাট দিয়ে স্বাভাবিকভাবে কোনো পণ্যবাহী গাড়িই ফেরিতে ওঠানামা করতে পারত না। তার পরও আমরা সবকিছু সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।’