জাহাজ কাটার সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পুরোনো তৈলাধার (জাহাজ) কাটার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের শীতলপুরে পেনিনসুলা স্টিল মিল লিমিটেড নামের একটি জাহাজভাঙা ইয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৮)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিধারপুর এলাকার আবদুল আজিজের ছেলে। আহত শ্রমিক নূর নবীর (২৩) বাড়ি সিরাজগঞ্জে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ১৪ আগস্ট যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।পেনিনসুলা স্টিল মিলটি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাফর আলমের মালিকানাধীন। গত এপ্রিলে বন্দর, শুল্ক কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এফএসও চেলিস ভেঞ্চার জাহাজটি এখানে ভেড়ানো হয়। তখন পরিবেশ অধিদপ্তর জাহাজটি জব্দ করে। জরিমানা পরিশোধের পর জাহাজটি ইয়ার্ডে ভেড়ানোর অনুমতি দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এফএসও চেলিস ভেঞ্চার নামের ওই জাহাজ কাটার সময় ওপর থেকে দুই শ্রমিক পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।তবে দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বাইরের কোনো লোক ও সাংবাদিককে ভেতরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।