জাহাজ চালানোর ঘোষণা কর্মবিরতিও প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতার পর জাহাজ চালানোর ঘোষণা দিয়েছেন মালিকেরা। গতকাল শনিবার বিকেলে বন্দর ভবনে এ ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।মালিকেরা জাহাজ চালানোর সিদ্ধান্ত নিলেও গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রাখার পক্ষে অটল থাকেন। কিন্তু রাত ১১টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। গতকাল বন্দর ভবনে জাহাজ মালিকদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী শাজাহান খান। বৈঠক শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা সুষ্ঠু সমাধান করতে পেরেছি। বৈঠকে চারটি সিদ্ধান্ত নেওয়ার পর মালিকেরা জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, বন্দর এলাকায় পণ্য পরিবহনে নিয়োজিত নৌযানসমূহের জন্য নীতিমালা প্রণয়ন করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করবে। নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত সিমেন্ট কারখানার মালিকেরা নিজস্ব জাহাজে নিজেদের আমদানি পণ্যের ৫০ শতাংশ পর্যন্ত পরিবহন করবেন। বাকি ৫০ শতাংশ সাধারণ জাহাজ মালিকদের জাহাজের মাধ্যমে পরিবহন হবে। এ সময় মাহবুব উদ্দিন আহমেদ বলেন, সমঝোতা হওয়ায় জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত সঠিকভাবে পালন হলে জাহাজের মালিকেরা শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত মজুরি পরিশোধ করতে পারবেন। এতে অচলাবস্থা নিরসন হবে। তবে নৌযান শ্রমিকদের সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাহাজ মালিকদের সঙ্গে সরকারের সমঝোতা হলেও আমাদের ২০ শতাংশ বর্ধিত মজুরি বাস্তবায়ন করেনি জাহাজ মালিকেরা।’ বৈঠকে নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুজ্জোহা খন্দকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গাজী বেলায়েত হোসনে প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ধিত বেতন-ভাতা কার্যকরের দাবিতে গত ৪ এপ্রিল মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। ১১ এপ্রিল মধ্যরাত থেকে এই কর্মসূচি আংশিক প্রত্যাহার করেন তারা। গতকাল রাতে তা পুরোপুরি প্রত্যাহার করে নেন।