জাহাজ তৈরি শিল্পের প্রসারে কাউন্সিল গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, জাহাজ তৈরি শিল্প প্রসারে ‘জাহাজ শিল্প প্রমোশন কাউন্সিল’ গঠন করা হবে। জাহাজ তৈরি ও জাহাজ ভাঙা শিল্পের জন্য নীতিমালা হচ্ছে। এ শিল্পকে গতিশীল করতে শিল্প আইন তৈরি হচ্ছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি হোটেলে আয়োজিত ‘জাহাজ তৈরি শিল্পে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং স্বচ্ছতা উন্নয়ন’বিষয়ক পরামর্শক (অ্যাডভোকেসি) কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এ কর্মশালায় তিনি প্রধান অতিথি ছিলেন। আইবিএফবির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সুফি মিজানুর রহমান, আইবিএফবির পরিচালক ওমর শাফায়েত, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, কর্ণফুলী শিপইয়ার্ডের উপদেষ্টা আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইবিএফবির নির্বাহী পরিচালক এ এফ এম মতিউর রহমান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘জাহাজ তৈরি শিল্পের বিকাশে ব্যাংক ঋণের সুদের হার সিংগেল ডিজিটে আনা দরকার। তা ছাড়া ওয়ান স্টপ সার্ভিসের কোনো বিকল্প নেই। শিল্প মন্ত্রণালয় এসব নিয়ে কাজ করছে। শিগগিরই আমরা ভালো কিছু জাতিকে উপহার দিতে পারব বলে আশা করছি।’ আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী জাহাজ তৈরি শিল্প প্রসারে ‘শিপ প্রমোশন কাউন্সিল’ গঠন করার ওপর গুরুত্ব দিয়ে এ জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।