চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের জলসীমার ‘এ’ নোঙর এলাকায় গতকাল বুধবার সকালে জাহাজ থেকে নিঃসৃত জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। বন্দরের একটি পরিদর্শক দল সরেজমিন গিয়ে জ্বালানি তেল ভাসতে দেখেছে। ওই দলের অভিযোগ, এমভি গোল্ডেন টিউলিপ নামের একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়েছে। তবে নিঃসরণের বিষয়ে আসলেই জাহাজটি দায়ী কি না, সে বিষয়ে জাহাজটির স্থানীয় এজেন্ট সুস্পষ্ট করে কিছু বলতে পারেনি।জানা গেছে, নিঃসরণের খবর পেয়ে বন্দরের পরিবেশ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ক্যাপ্টেন মো. ফরিদুল আলমের নেতৃত্বে একটি দল বিশেষায়িত জাহাজ বে ক্লিনার-২ নিয়ে ‘এ’ নোঙর এলাকায় যায়। দুপুরে তাঁরা সেখানে পানির ওপর জ্বালানি তেল ছড়িয়ে থাকতে দেখেন। জোয়ার-ভাটার টানে তেলের আস্তরণ প্রায় এক বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। পরিবেশ ব্যবস্থাপনা ইউনিটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এমভি গোল্ডেন টিউলিপ থেকে তেলের নিঃসরণ হয়েছে। তবে জাহাজটি গতকাল দুপুরের দিকে ‘এ’ নোঙর এলাকা থেকে কুতুবদিয়া এলাকায় স্থানান্তরিত হয়। তেল ছড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে এমভি টিউলিপের স্থানীয় প্রতিনিধি এলিট শিপিং লাইনস এবং জাহাজটির মাস্টারের কাছে গতকাল বিকেলে চিঠি দিয়েছেন পরিবেশ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম।এলিট শিপিং লাইনসের ব্যবস্থাপক (অপারেশন) প্রবীর সিনহা চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জাহাজটি জরিপকাজের জন্য কুতুবদিয়া এলাকায় গেছে। রাতেই এটি বহির্নোঙরে ফিরবে। তবে জাহাজের মাস্টার তেল ছড়িয়ে পড়ার বিষয়ে তাঁকে কিছু জানাননি। বন্দরের চিঠিতে বলা হয়, এমভি গোল্ডেন টিউলিপ জাহাজ থেকে সকাল ১০টার দিকে তেল নিঃসরণের ঘটনা ঘটে। বড় পরিসরে তেলের আস্তরণ বন্দরের পরিদর্শক দলের নজরে এসেছে। পানিতে তেল নিঃসরণ নিষিদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক আইনে অপরাধ উল্লেখ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বন্দর সূত্র জানায়, এমভি গোল্ডেন টিউলিপ সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে গত ৪ নভেম্বর বহির্নোঙরে আসে। সেখান থেকে ছোট জাহাজে ক্লিংকার খালাস করছিল জাহাজটি। তবে জাহাজটি ইচ্ছাকৃতভাবে জ্বালানি নিঃসরণ করেছে নাকি ত্রুটির কারণে তেল ছড়িয়ে পড়ছে, সে বিষয়টি শনাক্ত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।জানতে চাইলে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, খুব বেশি এলাকায় তেল ছড়িয়ে পড়েনি। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বন্দরের বিশেষায়িত জাহাজ দিয়ে দূষণ রোধ করা হবে বলে তিনি জানান।এর আগে গত ৪ জুন রাতে ওটি মুন নামের একটি ট্যাংকার ডুবে যায়। ওই জাহাজের প্রায় ১৭০ টন জ্বালানি তেলের বেশির ভাগ কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে। দূষণের অপরাধে পরিবেশ অধিদপ্তর ওই জাহাজের মালিক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করে। এর আগে গত ৬ এপ্রিলও একটি ডুবন্ত জাহাজ থেকে দূষিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখনো আমরা জানি না। বন্দরও আমাদের বিষয়টি জানায়নি।’