জাহাজ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম আবু বক্কর। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার ছেলে। জাহাজভাঙা কারখানার কাটারম্যানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজভাঙা শ্রমিকেরা জানান, আবু বক্কর স্ক্র্যাপ জাহাজটির পাশের লোহার পাত কাটছিলেন। অসতর্কতাবশত ওপর থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক প্রদ্যোৎ ঘোষ চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

এদিকে গত বৃহস্পতিবার কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা সাগর উপকূলে মাদার স্টিল নামে একটি জাহাজভাঙা কারখানার মো. স্বপন নামের এক শ্রমিকের জোয়ারের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।