চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি বাতিল জাহাজ (স্ক্র্যাপ) পরিদর্শনকালে পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. নুরুজ্জামান। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি একজন প্রকৌশলী।গতকাল বুধবার সকাল ১০টার দিকে বহির্নোঙরের ‘ব্র্যাভো অ্যাংকরেজ’ এলাকায় এ ঘটনা ঘটে। বন্দরের টাগবোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ দিয়ে দিনভর তল্লাশি চালিয়েও নুরুজ্জামানকে উদ্ধার করা যায়নি। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।জানা গেছে, ওটি বার আউলিয়া নামের একটি দেশীয় জাহাজে (ট্যাংকার) করে নুরুজ্জামানের নেতৃত্বে বিস্ফোরক অধিদপ্তরের একটি দল ভাঙার জন্য আমদানি করা তেলবাহী (অয়েল ট্যাংকার) এমটি মারপ্রিন্সেস পরিদর্শনে যায়। সীতাকুণ্ড উপকূলের যমুনা স্টিল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান এই বাতিল জাহাজ আমদানি করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওটি বার আউলিয়ায় করে উপকূল থেকে সমুদ্রে গিয়ে বিস্ফোরক অধিদপ্তরের দলের অন্য সদস্যরা জাহাজটিতে উঠতে সক্ষম হন। কিন্তু নুরুজ্জামান লোহার সিঁড়ি (গ্যাংওয়ে) ধরে জাহাজে ওঠার সময় ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে না পেরে সাগরে পড়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারা কিছুক্ষণ অপেক্ষা করে আবার ওটি বার আউলিয়ায় করে উপকূলে ফেরত আসেন। এ ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে বিকেলে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।